গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) গ্র্যাজুয়েট ক্লাবের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল সোমবার (২৪ জুন) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতে তারা বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী তাদের কার্যক্রম সুষ্ঠুরূপে পরিচালনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় মন্ত্রী বলেন, বুয়েট যুগোপযোগী, আধুনিক এবং উন্নত কারিকুলামের মাধ্যমে দক্ষ প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। এসব পেশাজীবী দেশের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। 

বুয়েটের সাবেক গ্রাজুয়েটদের সমন্বয়ে গঠিত সংগঠন বুয়েট গ্র্যাজুয়েট ক্লাব এসব পেশাজীবীদের একটি অভিন্ন প্লাটফর্মে একত্রিত করে তাদের কাজের ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। 

ক্লাবের সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ জাকির হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, অভিনেতা এস এ আবুল হায়াত, বুয়েটের সাবেক অধ্যাপক এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস ড. এম শামীম জেড বসুনিয়া, অধ্যাপক ড. ম তালিম, স্থপতি মঞ্জুর কাদের হেদায়েত উদ্দিন এবং স্থপতি ইকবাল হাবিব।