জাল শিক্ষাগত সনদের মাধ্যমে সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদে চাকরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ গোলাম মাওলাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে চাকরির শুরু থেকে ২০২৫ সাল পর্যন্ত উত্তোলন করা ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (সাধারণ ও সংস্থাপন) শাখার এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়। আজ রোববার আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, মোহাম্মদ গোলাম মাওলা জাল-জালিয়াতির মাধ্যমে সৃজিত শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে অফিস সহকারী পদে চাকরি লাভ করেন। চাকরিকালে তার বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। একই সঙ্গে তার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য করা হয়। ফলে চাকরিকালে তিনি বেতন-ভাতা পাওয়ার অধিকারী নন।
আদেশে আরো বলা হয়েছে, মোহাম্মদ গোলাম মাওলা ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন। যেহেতু তার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হয়েছে, তাই উত্তোলন করা ওই অর্থ আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।










