চুয়াডাঙ্গায় সকালের পর থেকে সূর্যের দেখা
মিললেও শৈত্যপ্রবাহের কারণে স্বাভাবিক কর্মজীবন এখন দুর্বিষহ। ঠান্ডা বাতাসে অতিষ্ঠ
হয়ে পড়েছে কর্মজীবী মানুষ। বিশেষ করে তীব্র শীতে পুরো জেলার খেটে খাওয়া মানুষের কষ্টের
শেষ নেই।
জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের
ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
থাকায় তীব্র শৈত্য প্রবাহের সঙ্গে সঙ্গে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন
তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
রেকর্ড করা হয়েছিল। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
প্রায় একমাস ধরে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা
কমছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশির ভাগ দিনই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকছে। দিনে তাপমাত্রা
কম-বেশি হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। এর ফলে তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ
বাড়ছে।










