ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধারের চারদিন পর তার পরিচয় মিলেছে। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন র‍্যাব-১৪। হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম সুলতানা বেগম (২৭)। তিনি রংপুরের মিঠাপুকুরের তিলকপাড়া গ্রামের ফুলু মিয়ার মেয়ে। অন্যদিকে হত্যাকাণ্ডের হোতা সেলিম মল্লিক (৩০) ত্রিশালের ধানীখোলা গ্রামের আবদুল খালেকের ছেলে। গতকাল দুপুরে ধানীখোলা গ্রামে গ্রেফতার সেলিমের দেখানো জায়গা থেকে ওই নারীর বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করা হয়। পরে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৪-এর অধিনায়ক উইং কমান্ডার মো. রোকনুজ্জামান ঘটনার বিস্তারিত জানান।