আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার মাগুরা নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে- আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। সব রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
গণভোট সম্পর্কে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুসারে, জাতীয় নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
জুলাই সনদ বিষয়ে শফিকুল আলম বলেন, জুলাই সনদের বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছে। যে কয়েকটি দল এখনো স্বাক্ষর করেনি, তারাও নীতিগতভাবে সনদে সম্মতি দিয়েছে।
জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনী বিষয়ে তিনি বলেন, এতে না ভোট রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে কোনো এলাকায় একজন প্রার্থী থাকলে জনগণ তার বিপরীতে ‘না ভোট’ প্রয়োগ করে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পায়।










