রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—কাফরুল থানার কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, তুরাগ থানার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক গোলাম মাওলা, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, ঝিকরগাছা পৌর যুবলীগের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র মো. আমিরুল ইসলাম (রাজা), ঝিকরগাছা পৌর যুবলীগের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের সহযোগী জাফিরুল হক এবং নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আস্থাভাজন মো. আজিম (বাচা)।

ডিবি জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে শেখ হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। একই দিন রাত ৮টার দিকে তুরাগ এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ হাসানকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ। পরে রাত সাড়ে ৯টার দিকে পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে গোলাম মাওলা, সৈয়দ ইমরানুর রশীদ, মো. আমিরুল ইসলাম (রাজা) ও জাফিরুল হককে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। এরপর রাত ১০টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আজিমকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।

ডিবি জানিয়েছে, গ্রেফতার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিলেন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টায় জড়িত ছিলেন। গ্রেফতার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।