চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে ইব্রাহিম (২৪) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তের বাগিচাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপারা গ্রামের দুখু আলীর ছেলে।
ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, আমাদের না জানিয়েই গত রাতে ইব্রাহিম সীমান্ত এলাকায় চলে যায়। সকালে আমরা বিজিবির কাছ থেকে জানতে পারি বিএসএফের গুলিতে সে নিহত হয়েছে। তবে তার মরদেহ সীমান্তের ভারতীয় অংশে পড়ে আছে।
স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. তোজাম্মেল হক জানান, আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ইব্রাহিমের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।
এদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, আজমতপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারবে বিজিবি।
তবে ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা জানান, আজমতপুর সীমান্তে চোরাচালান করতে গিয়ে এক বাংলাদেশী গুলিবিদ্ধের বিষয়টি সম্পর্কে জেনেছি। বিএসএফের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।










