চট্টগ্রামের মিরসরাইয়ে বিএম হাসপাতালের লিফটে সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বারইয়ারহাটে এ ঘটনা ঘটে। লিফটের মধ্যে প্রসবের পর শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা ও শিশুর চিকিৎসার সব খরচ বহন করেছে বিএম হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা রায় নামের ওই প্রসূতি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার রাতে লিফটে করে হাসপাতালের ওপরের তলায় যাচ্ছিলেন। এ সময় লিফটের ভেতরেই তার প্রসবব্যথা শুরু হয়ে পানি ভেঙে যায়। বিষয়টি জানতে পেরে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা লিফটের ভেতর কাপড় দিয়ে আড়াল তৈরি করে সেখানেই তার সন্তান প্রসব করান।
প্রসবের পর শিশুটিকে এনআইসিইউতে এবং মাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে ওই নারীর কোনো স্বজনকে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে তার স্বামী মিলন রায়কে পাওয়া যায়। তাদের বাড়ি মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে।
বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গণি ভূইয়া বলেন, ওই নারীর শারীরিক অবস্থা ভালো ছিল না। উপায়ান্তর না দেখে লিফটে কাপড় দিয়ে ঘিরে সন্তান প্রসব করাতে হয়েছে। বর্তমানে মা অনেকটা সুস্থ থাকলেও শিশুটির অবস্থা শঙ্কামুক্ত নয়। মা ও শিশুর চিকিৎসার সব খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করেছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা বলেন, খবর পেয়ে বুধবার রাতেই হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা চালিয়ে যেতে বলা হয়। পরে বৃহস্পতিবার সকালে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্তান প্রসবের পর শিশুর নিবিড় পরিচর্যা এবং মায়ের চিকিৎসার সব খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে বহন করেছে।










