ছাতকের সুনামগঞ্জ-সিলেট সড়কে গাছের সঙ্গে মাছবাহী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭), দিরাইয়ের সাদিরপুরের নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারার আসাব উদ্দিন (৫০)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় পিকআপে থাকা তিনজন নিহত হন। গুরুতর আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। 

এ বিষয়ে জয়কলস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আহমদ কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।