জীন ক্যাটামিন পেট্রিয়াকা, ফিলিপাইনের এ নাগরিক গত ১০ বছর আগে প্রেমের টানে চলে আসেন বাংলাদেশে। বিয়ে করেন প্রেমিক জুলহাস উদ্দিনকে। এরপর থেকেই তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা গ্রামের গৃহবধূ। স্বামীর ধর্মে ধমান্তরিত হয়ে পেট্রিয়াকা পরিবর্তন করেন নিজের নাম। এখন তিনি জেসমিন আক্তার নামেই পরিচিত।
নতুন নাম নিয়ে দিব্যি সংসার শুরু করেন পেট্রিয়াকা; আছে দুই সন্তানও। গ্রামবাসীর কাছেও তিনি সুপরিচিত। সেই পেট্রিয়াকা এবার শ্বশুরবাড়ির এলাকা ফুলবাড়িয়া উপজেরার রাধাকানাই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইক প্রতীক নিয়ে অংশ নেন পেট্রিয়াকা। সংরক্ষিত নারী সদস্য হিসেবে এ নির্বাচনে বিপুল ভোট ব্যবধানে তিনি হারিয়ে দিয়েছেন নিকটতম প্রার্থীকে। পেট্রিয়াকা পেয়েছেন ৪ হাজার ৪৯৬ ভোট। অপর প্রার্থী পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট।
পেট্রিয়াকা বলেন, এলাকাবাসীর ইচ্ছাতেই নির্বাচন করেছি। তারাই আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। এখন তাদের সেবা করতে চাই।
স্বামী হিসেবে স্ত্রীর এমন অর্জনে গর্বিত বলে জানান জুলহাস উদ্দিন।










