কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন শ্রমিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দুজন হলেন মো. ইলিয়াছ ও রাকিব। আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুর রহমান মজুমদার বলেন, সকালে শ্রমিকরা কালভার্টের নির্মাণকাজ করছিলেন। কাজের একপর্যায়ে হঠাৎ পাশের মাটি ধসে পড়ে। এতে তিনজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, গুরুতর আহত অবস্থায় তিনজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।