সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গ্রামের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
মুজিবুল হক কুমিল্লা-১১ আসনে পাঁচবারের এমপি ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের হুইপ ও পরে মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সপরিবারে আত্মগোপনে চলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শতাধিক লোক বিকালে মুজিবুল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তিনতলা ভবনের নিচতলায় ও দোতলায় ব্যাপক ভাংচুর চালায় এবং ভবনে লুটপাট শেষে নিচতলার দরজা-জানালা ভাংচুরসহ রক্ষিত মালামালে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও মুজিবুল হকের ভাই ও ভাতিজাদের বেশ কয়েকটি ঘরে ভাংচুর করা হয়। এ সময় তার ভাতিজা জজ আবদুস সালামের ঘরে আগুন দেয়া হয়।
মুজিবুল হকের আরেক ভাতিজা তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, স্থানীয় জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা মুজিবুল হকের ভবনসহ বাড়ির বেশ কয়েকটি ঘরে ভাংচুর ও লুটপাট করে আগুন দিয়েছে। তারা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ সময় বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এছাড়া সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান জানান, মুজিবুল হকের ভাতিজা আহসান উল্লাহ ও তার সহযোগীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি মহিউদ্দিন রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এর জেরে রনির সমর্থকরা হামলার ঘটনা ঘটিয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।










