নেপালের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চাওয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৮ অক্টোবর) বিএনপির গুলশান কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল। মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠকে পর আমীর খসরু বলেন, নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই। মানবাধিকার, সুশাসন, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্কের প্রতিফলন আমরা আগামী দিনগুলোতে দেখতে চাই।










