জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে সড়ক বিভাগের নানামুখী উন্নয়ন কার্যক্রম যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। মুজিব শতবর্ষ উপলক্ষে এ জেলায় সড়ক সংস্কার, গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি সড়ক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। জেলার পাঁচটি উপজেলায় সড়ক সংস্কার, প্রশস্তকরণ ও রক্ষণাবেক্ষণে বদলে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ফলে দক্ষিণবঙ্গের মানুষের রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোয় যাতায়াত অনেক সহজ হয়েছে।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই অর্থবছরে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোপালগঞ্জ অংশ, টুঙ্গিপাড়া-ঘোনাপাড়া মহাসড়ক, চাপাইল-কালিয়া মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে পর্যাপ্ত দিকনির্দেশক সাইনবোর্ড, স্ট্রিট লাইট, গাইড পোস্ট, সিগন্যাল সাইন স্থাপন করা হয়েছে।

টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া ৪৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীতকরণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ৬১২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির বর্তমান প্রশস্ততা ১৮ ফুট থেকে প্রায় ৩৬ ফুটে উন্নীত করা হবে। ২০২৪ সালের ৩০ জুন প্রকল্পের কাজ সম্পন্ন হবে। গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে গোপালগঞ্জ সড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাজের গুণগত মান বজায় রাখার ব্যাপারে সব ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা আগেই সতর্ক করে দিই।