সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। এতদিন তিনি পলাতক অবস্থায় ছিলেন।
গতকাল শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ আরিফুজ্জামানকে আটক করে। এরপর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আরিফুজ্জামান গতবছরের ৫ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং পরে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এপিবিএন-২–এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, গতবছরের ৫ আগস্টের পর আরিফুজ্জামানকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এপিবিএন-২-এ বদলি করা হয়। সেখানে তিনি গতবছরের ১৩ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন।










