পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদী থেকে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ উপজেলার পঙ্গুলী ইউনিয়নের দিঘুলিয়া দাবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম আলী হোসেন (৮)। সে দিঘুলিয়া দাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই জলসা শুনতে যায় আলী হোসেন। জলসা শেষ হলেও আলী হোসেন আর বাড়ি ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। গতকাল সকালে স্থানীয় লোকজন নিহতের বাড়ির পাশে বড়াল নদীতে ডালপালার ওপর একটি বস্তা দেখতে পায়। তারা বস্তাটিকে খুলে একটি মরদেহ উদ্ধার দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক সুরতহালে তার কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর মরদেহ বস্তায় ঢুকিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আশা করছি, দ্রুতই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে।










