সম্প্রতি দেশে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে সরকার। কিন্তু নওগাঁয় সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা।
জানা গেছে, খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২ টাকা ও বোতলজাত তেলের দাম ৪ টাকা বাড়ানো হয়। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয় ৬৬০ টাকায়। কিন্তু নওগাঁর বাজারগুলোয় প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল নির্ধারিত মূল্যের থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া সরকারিভাবে দাম বাড়ার পর মজুদ করে রাখা সয়াবিন তেল বিক্রি করতে শুরু করেছেন খুচরা বিক্রেতারা। ফলে দেখা যাচ্ছে, পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলে ৬৩০ টাকা মূল্য দেয়া থাকলেও সেসব তেল বিক্রি করা হচ্ছে ৬৭০ টাকায়।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁ শহরের কাঁচাবাজার, পাইকারি বাজার ও মসলাপট্টিতে সয়াবিন তেল বেশি দামে বিক্রি হচ্ছে।
জেলা শহরের কাঁচাবাজার এলাকার মুদি ব্যবসায়ী সোয়াইব হোসেন বলেন, পাঁচ লিটার রুপচাঁদা সয়াবিন তেল কিছুদিন আগে ৬৩০ টাকা দামে বিক্রি করেছি। এখন তো তেলের বাজার বৃদ্ধি পেয়েছে। তাই পূর্বের মূল্যে বিক্রি করা সম্ভব না। এজন্য এখন ৬৭০ টাকায় বিক্রি করছি।
জেলা প্রশাসনের বাজার মনিটরিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বের কেনা তেল বেশি দামে বিক্রি হচ্ছে। সরেজমিনে গিয়ে দোকানদারদের সাবধান করা হয়েছে। দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, বোতলের গায়ে যে দাম লেখা আছে এর বাইরে বেশি দাম নেয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমরা শিগগিরই ব্যবসায়ীদের সতর্ক করব।










