ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় দুই শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আজ সোমবার দুপুর ৩টার দিকে ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের পেছনের অংশ বাসের ভেতর ঢুকে পড়ায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।