সুনামগঞ্জে ২৪ তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ে করতে আসা তরুণ-তরুণীদের কেউ এতিম, কেউ দিনমজুর আবার কেউ অর্থের অভাবে বিয়ে করতে পারছিলেন না। তাদের বিয়ের ব্যবস্থা করেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) মাদ্রাসার
প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আজিজুল হক।
এ গণবিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন প্রমুখ।
মুসলিমপুর গ্রামের বাসিন্দারা বলেন, সমাজের ধনী লোকেরা পাশে থাকলে নিম্ন আয়ের মানুষরা স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারবে।
সৈয়দপুর গ্রামের বর আব্দুস সাত্তার (৩০) বলেন, পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। ছোটবেলা থেকে সুনামগঞ্জ শহরে রিকশা চালিয়ে সংসারের ব্যয় বহন করি। বিয়ে করার সাহস কখনো ছিল না। মুফতি আজিজুল হক হুজুরের কাছে গিয়ে বিষয়টি বললে তিনি আমার বিয়ের ব্যবস্থা করেন। তিনি আমার সংসারের আসবাবপত্রও কিনে দিয়েছেন।
হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) মাদ্রাসার
প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আজিজুল হক বলেন, এ এলাকার অনেক মানুষ নিম্ন আয়ের। তারা নিয়মিত দুবেলা খাবারের সংস্থান করতেই হিমশিম খায়। এলাকার সচ্ছল ও ধনী মানুষের সহায়তায় দরিদ্র পরিবারের তরুণ-তরুণীদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। কনেদের প্রত্যেককে সেলাই মেশিন ও বরদের একটি করে রিকশা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, যৌতুক রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। বিনা যৌতুকে বিয়ের আয়োজন করা হয়েছে এবং তাদের মধ্যে সংসার শুরু করতে যা যা লাগে তা দেয়া হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। আমি মনে করি এটা পরবর্তী সময় আরো ব্যাপকভাবে করা হবে। সেজন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। পাশাপাশি যারা সেলাই মেশিন পেয়েছেন, তাদের আমরা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব।










