বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ফরিদপুরে আজ
শুক্রবার সকাল থেকে দুদিনের বাস ধর্মঘট শুরু হয়েছে। দিন কয়েক আগে জেলা বাস মালিক শ্রমিক
ঐক্য পরিষদের নেতারা এ কর্মসূচির ডাক দেন।
সংগঠনের দাবি মহাসড়কে তিন চাকার যানবাহন
চালানোর প্রতিবাদে তারা ধর্মঘট আহ্বান করেছেন।
যদিও বিএনপি নেতাদের দাবি আগামীকাল শনিবার
অনুষ্ঠিতব্য গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘটের আহ্বান করা হয়েছে।
আজ সরেজমিনে দেখা যায়, ধর্মঘটের কারণে ফরিদপুর
বাসস্ট্যান্ড থেকে কোন বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তারা
এ সমস্যার সমাধান চান অতিদ্রুত।
সম্প্রতি জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের
নেতারা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়ে বলছেন, ১০ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে
পরদিন সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টা সব ধরনের বাস চলাচল বন্ধ
রাখা হবে।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির
স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৯ মের সভার
১৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে ২২টি জাতীয় মহাসড়কে সব ধরনের
অবৈধ থ্রি–হুইলার চলাচল বন্ধের নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপরও এসব অবৈধ যান মহাসড়কে অবাধে
চলাচল করছে। যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
চিঠিতে বর্ণিত অবৈধ যানের মধ্যে রয়েছে নছিমন,
করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল।










