দুর্বৃত্তদের হামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান রনি গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বন্ধুর বাজারে ব্যক্তিগত অফিসে লোকজন নিয়ে বিশেষ বৈঠক করছিলেন রনি। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত লাঠি, লোহার রড নিয়ে ওই অফিসে চেয়াম্যানের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় রডের আঘাতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন চেয়ারম্যান রনি। মারপিট শেষে দুর্বৃত্তরা সটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে রাতেই থানায় একটি অভিযোগ করা হয়েছে।










