বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর পর ৩/৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) বিকাল পৌনে ৫টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং অভিযোগ করেন, একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলে এসে বিএনপির কার্যালয়ের অপরপাশের সড়ক থেকে কার্যালয় লক্ষ করে পরপর কয়েকটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো কার্যালয়ের লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের পর নয়াপল্টন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের পর ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তারা সরকার দলের লোকজন এ বিস্ফোরণ ঘটিয়েছে বলেও নানা ধরনের স্লোগান দিতে থাকেন। বর্তমানে সে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।