সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ফুটবল খেলার বিজয় মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল আওয়াল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী রফিক খান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব ছিল। গতকাল বিকালে চিকারকান্দি গ্রামে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলায় দুই পক্ষের লোকজন অংশ নেয়। খেলাধুলার এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রফিক খানের পক্ষের লোকজনের ছোড়া ইটের আঘাতে মাসুদ মিয়ার পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজি মুক্তাদির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটের আঘাতে আব্দুল আউয়াল নামের একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।