সিলেটের মল্লিকপুর-মানিককোনা-মীরগঞ্জ সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। গত ২৯ ডিসেম্বর রাতে ফেঞ্চুগঞ্জে কুরকুচি খাল দিয়ে হাওর থেকে কুশিয়ারা নদী অভিমুখে পানিপ্রবাহ শুরু হলে সড়কটিতে ফাটল দেখা দেয়। কিছু সময়ের মধ্যেই সড়কের বিরাট অংশ ভাঙনের কবলে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, প্রতি বছর ওই স্থানে ভাঙন দেখা দেয়। কয়েক মাস আগে এ জায়গাটিতে ফাটল দেখা দিলে স্থানীয়রা চাঁদা তুলে ১০ লাখ টাকার মাটি ভরাটকাজ করিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তা ভেঙে গেছে। ভাঙনের স্থানে গার্ডওয়াল দেয়া না হলে সড়ক রক্ষা মুশকিল হয়ে পড়বে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা (ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং ওসমানীনগর) মো. গোলাম বারী জানান, তিনি গত রোববার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি প্রকল্প রয়েছে সেটি দিয়ে সড়কের কাজ শেষ করা সম্ভব নয়। সড়ক সংস্কারে নতুন প্রস্তাব পাঠাবেন বলে জানান তিনি।
উপজেলা এলজিইডির প্রকৌশলী শেখ আজিম জানান, হাওরের পানি ছাড়ার কারণে সড়কে ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে তার আশঙ্কা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা ফারজানা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।










