রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার তথ্য বণিক বার্তাকে নিশ্চিত করেন পল্লবী থানার ওসি শফিউল আলম। তিনি বলেন, যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। কী কারণে কারা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখার কথা বলেন ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে গুলিবিদ্ধ কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে থানা পুলিশ জানায়।









