পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেভাবে লাইফস্টাইল চালাচ্ছি, তার পরিবর্তন আনতে হবে। জলবায়ু পরিবর্তন হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবন কাটানোর জন্য। প্রকৃতির প্রতি ন্যায়বিচার করতে গেলে জীবনদর্শন বদলাতে হবে। আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে।
শনিবার (১৬ নভেম্বর) মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে ‘৩য় ডিআরএমসি জাতীয় প্রকৃতি উৎসব ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরিবেশ উপদেষ্টা বলেন, বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম এই বছর পড়েছে। এবার যে রকম বন্যা হয়েছে, এমন বন্যা ওইসব এলাকার মানুষ কখনো দেখেনি। এটার একটি কারণ হচ্ছে, পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো।
রিজওয়ানা বলেন, শব্দদূষণে বাংলাদেশ পৃথিবীর এক নম্বর। ঢাকা শহরে এর মাত্রা অসহনীয়। আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ঢাকা শহরের অন্তত ১০টি রাস্তা শব্দ দূষণমুক্ত করতে সচেতনতা গ্রহণ করব। হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা তৈরি করব। এখন হর্ন বাজানো মানুষের অভ্যাস হয়ে গেছে। হর্ন বন্ধ করলে গাড়ির গতিও নিয়ন্ত্রণে চলে আসবে।
তিনি বলেন, আমরা নদী না বাঁচাতে পারলে পানি কোথা থেকে পাব। ঢাকা শহরে ৭টি নদী, অথচ ঢাকা শহরে পানি নেই। যা সৃষ্টি করতে পারব না, তা ধ্বংস করার অধিকার কারো নেই। এরকম অর্থনৈতিক কর্মকাণ্ডকে উন্নয়ন বলার সুযোগ নেই, যে অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রকৃতি ও মানুষের সহাবস্থান নেই।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামিম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক শামিম রেজা, সহকারী অধ্যাপক অসীম কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকৃত বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।










