বগুড়া ও গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। রাজবাড়ীর পাংশায় ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে কক্সবাজারের রামুতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যুবক মারা গেছেন। গতকাল ও রোববার রাতে এ দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত ও অন্য বন্ধু আহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় নতুন ভোটার হিসেবে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় হাসান (২০)।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক হাফেজ জোনায়েত নামে একজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর খলসি বটতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ জোনায়েত গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের বাসিন্দা। তিনি চকরহিমাপুর নূরানী মাদ্রাসায় চাকরি করতেন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় আয়শা আক্তার নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আয়শা পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আসিক বিশ্বাসের মেয়ে। গতকাল সকাল ৯টার দিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাংশা মডের থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘দ্রুতগতির ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার: কক্সবাজারের রামুতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. রায়হান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার জন।৷গতকাল বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত রায়হান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।