বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। আজ শনিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এ শহরের বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ১৯৬। বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

আইকিউএয়ারের তথ্য বলছে, এদিন সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৫২৯। এছাড়া ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এই দুটি শহরের স্কোর খুবই অস্বাস্থ্যকর।

২৩৬ ও ১৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং আফগানিস্তানের কাবুল। এই দুটি শহরের স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।