একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘ অভিনয়জীবনে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে মাঝেমধ্যে যুক্তরাষ্ট্রে থাকতে হলেও বেশির ভাগ সময় ঢাকাতেই কাটে তার। এতদিন নাটকেই তাকে বেশি দেখা গেলেও এবার নতুন মাধ্যমে যুক্ত হলেন রিচি। প্রথমবারের মতো অভিনয় করেছেন সিনেমায়। রাজীব সালেহীনের পরিচালনায় সিনেমাটির নাম ‘রবি ইন ঢাকা’।

রাজীব সালেহীন অভিনেতা ও নির্মাতা হিসেবে পরিচিত। তার পরিচালনায় নির্মিত এ সিনেমায় রিচির অভিনয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে সিনেমায় রিচির চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছে না সংশ্লিষ্ট টিম।

এ প্রসঙ্গে রিচি বলেন, ‘রবি ইন ঢাকা সিনেমায় আমি অভিনয় করেছি। তবে সিনেমায় আমার চরিত্র নিয়ে বিস্তারিত আপাতত বলতে পারছি না। সিনেমার পুরো টিমের পক্ষ থেকে হয়তো শিগগিরই বিস্তারিত জানানো হবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’

সিনেমায় অভিনয়ের পাশাপাশি নাটকেও কাজ করছেন রিচি। সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি থেকে ভালো সাড়া পেয়েছেন বলেও জানান এ অভিনেত্রী। এখনো নিয়মিত নাটকে অভিনয়ের প্রস্তাব পান রিচি। তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করতে আগ্রহী তিনি। এ প্রসঙ্গে রিচি বলেন, ‘এখনো অনেক সুন্দর গল্পের নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। গল্প ও চরিত্র ভালো লাগলে অবশ্যই অভিনয় করব। কারণ পেশাগতভাবে আমি এখনো অভিনেত্রী। অভিনয় করতে ভীষণ ভালোবাসি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ভক্ত-দর্শকের সবসময়ই আবদার থাকে, আমি যেন নাটকে নিয়মিত থাকি। সে কারণে ভালো গল্প পেলে অভিনয়ের চেষ্টা করি।’

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন আয়োজনেও যুক্ত থাকছেন রিচি। কিছুদিন আগে একটি রিয়েলিটি শোয়ের নায়ক-নায়িকা খোঁজার প্রতিযোগিতায় তিন বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।