বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে মঞ্চে আসছে ভৈরবী গীতরঙ্গ দলের নাটক ‘সোনাই’। ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির দুটি প্রদর্শনী হবে।
ধামাইল, ঘাটু, আদিবাসী নৃত্য, বিচ্ছেদ গান, বন্দনা ও চর্যাপদের সংগীতধারা—বাংলার ঐতিহ্যবাহী এসব শিল্পরীতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে ‘সোনাই’। প্রযোজনাটিতে লোকজ পরিবেশনার পরিচিত ধারাগুলোকে সমকালীন মঞ্চভাষায় তুলে ধরার পাশাপাশি বাংলার সাংস্কৃতিক স্মৃতি, জীবনবোধ ও ঐতিহ্যের নানা দিক প্রকাশের চেষ্টা রয়েছে।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ভৈরবীর প্রতিষ্ঠাতা ইলিয়াস নবী ফয়সাল। তিনি বলেন, ‘আমাদের লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও সাংস্কৃতিক ঐতিহ্যের শেকড়ে ফিরে তাকানোর একটি শিল্পপ্রয়াস ‘সোনাই’। ধামাইল, ঘাটু, আদিবাসী নৃত্য, বিচ্ছেদ গান ও চর্যাপদের সংগীতধারাসহ বাংলার নানা ঐতিহ্যবাহী পরিবেশনার উপাদানকে আমরা সমকালীন মঞ্চভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের প্রত্যাশা, দর্শক এ প্রযোজনার মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতি ও শেকড়কে নতুনভাবে অনুভব করবেন।’
‘সোনাই’তে অভিনয় করেছেন কানিজ ফারজানা আরেফিন, মো. তানভীর, ধ্রুব বেপারী, মাহমুদা কনা, হৃদয় ঘোষ রাজীব, পারমিতা রায়, মিথিলা পাল, আয়রা মৌ, নাজমুল হাসান, ইনান খান ও উম্মে তাবাসসুম দিয়া মনি। সংগীত পরিবেশনায় রয়েছেন দীপ্ত সেন, অর্পিতা ঘোষ, রাজশ্রী রায়, তাসনুভা মেহনাজ, প্রতীক চাকমা তোমো, অভিজিৎ দাস জিতু ও এফ আবির।










