গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। যুদ্ধের পটভূমিতে নির্মিত হলেও সিনেমাটিতে গুরুত্ব পেয়েছে পারিবারিক আবেগ ও সেনাদের ব্যক্তিগত জীবনের গল্প। অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারাইটি ইন্ডিয়ার বরাতে ২০ নভেম্বরকে সামনে রেখেই ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

বলিউডে সীমান্ত সংঘর্ষ ও সামরিক অভিযান নিয়ে সিনেমা নির্মাণের প্রবণতা নতুন নয়। দেশপ্রেম, যুদ্ধের ময়দানে সেনাদের সাহসিকতা, আত্মত্যাগ ও ব্যক্তিগত জীবনের গল্প নিয়ে বিভিন্ন সময়ে পর্দায় হাজির হয়েছেন নির্মাতারা। বাস্তব ঘটনার পাশাপাশি এসব সিনেমায় উঠে এসেছে যুদ্ধের মানবিক দিকও। সে ধারাবাহিকতায় এবার গালওয়ান উপত্যকার সংঘর্ষকে বড় পর্দায় নিয়ে আসছেন অপূর্ব লাখিয়া। সালমান খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং ও প্রশান্ত তামাং।

২০২০ সালের ১৫ জুন ভারত ও চীনের সেনাদের ওই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে ‘মাতৃভূমি’র গল্প। এতে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তার চরিত্রটি কর্নেল বিকুমাল্লা সন্তোষের আদলে নির্মিত। সিনেমাটির গল্প সালমানের কাছে বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাই বড় পর্দায় গল্পটি দর্শকের সামনে নিয়ে আসতে আগ্রহী এ অভিনেতা। মুক্তির তারিখ নিয়েও তার বিশেষ কোনো উৎসবকেন্দ্রিক পরিকল্পনা নেই বলে জানা গেছে। বলিউডে বড় তারকাদের সিনেমা মুক্তির জন্য ঈদ, পূজা কিংবা অন্য কোনো উৎসবের সময়কে বরাবরই বিশেষ গুরুত্ব দেয়া হয়। তবে সালমান খানের ভাবনা কিছুটা আলাদা। এ প্রসঙ্গে একটি সূত্রের ভাষ্য, ‘সালমান খান সেই ব্যতিক্রমী সুপারস্টারদের একজন, যিনি যেকোনো শুক্রবারকেই বিশেষ ঘটনায় পরিণত করতে পারেন। তার সিনেমা মুক্তির তারিখের কারণে বিশেষ হয়ে ওঠে না; বরং সালমান খানই মুক্তির তারিখকে বিশেষ করে তোলেন।’

এদিকে ২০ নভেম্বর মুক্তির পরিকল্পনা বাস্তবায়ন হলে বক্স অফিসে সানি দেওলের ‘সূর্য’র মুখোমুখি হতে পারে ‘মাতৃভূমি’। অন্যদিকে রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়েও দর্শকের মধ্যে আগ্রহ কম নয়। সব মিলিয়ে নভেম্বরের শেষ ভাগে বলিউডের বক্স অফিসে জমে উঠতে পারে তারকাদের লড়াই। একই সময়ে একাধিক বড় সিনেমার উপস্থিতিতে দর্শক কোনটিকে বেশি সাড়া দেয়, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া