ঢাকার পর এবার চট্টগ্রামের দর্শক-শ্রোতার সামনে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। ২০ নভেম্বর বন্দরনগরীর র‍্যাডিসন ব্লু হোটেলে বসবে ‘মুনলিট মেলোডিজ’-এর দ্বিতীয় আসর। এর আগে গত ৯ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল। শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার পর এবার চট্টগ্রামে কনসার্টটি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বাপ্পার জনপ্রিয় ও বহুল শ্রুত গানগুলো পরিবেশিত হবে।

‘মুনলিট মেলোডিজ’কে নিজের সংগীতজীবনের উল্লেখযোগ্য আয়োজন হিসেবে দেখছেন বাপ্পা। তার ভাষ্য, এ আয়োজনের মধ্য দিয়ে নিজের গানগুলো নতুনভাবে শ্রোতাদের কাছে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এর আগে দুটি একক কনসার্ট করেছেন তিনি। ৯ অক্টোবরের আয়োজনটি ছিল তার তৃতীয় একক কনসার্ট। চট্টগ্রামে দ্বিতীয় পর্বের মধ্য দিয়ে চতুর্থবারের মতো একক কনসার্টে পারফর্ম করবেন এ শিল্পী।