মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে দেখা দিয়েছে জ্বালানি তেলের সরবরাহ সংকট। এতে বেড়েছে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানির দাম। এর ফলে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্রিটিশ জ্বালানি কোম্পানি বিপির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় হয়েছে প্রায় চার গুণ। এ সময়ে কোম্পানিটির নিট ঋণও কমেছে ৮৪০ কোটি ডলার। তৃতীয় প্রান্তিকে বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন। খবর ইউরো নিউজ।
বিপি জানায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪৭০ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ১১৬ কোটি ডলার।
আট মাস ধরে চলা এ যুদ্ধের প্রভাব দেখা গেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতেও। এর আগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে যুক্তরাষ্ট্রের ৫০টির বেশি বড় তেল ও গ্যাস কোম্পানি সম্মিলিতভাবে মুনাফা করেছে ১৩ হাজার কোটি ডলার।
২০২৫ সালের একই সময়ে এসব কোম্পানির সম্মিলিত মুনাফা ছিল ৪ হাজার ৭০০ কোটি ডলারের কম। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিগুলোর মুনাফা প্রায় তিন গুণ বেড়েছে। বিভিন্ন প্রতিবেদন বলছে, গত কয়েক মাসে যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য ও রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি উৎপাদন সক্ষমতা কমেছে। ফলে বর্তমানে সচল থাকা শোধনাগারগুলো বেশি দামে জ্বালানি বিক্রি করে ব্যাপক মুনাফা করছে।
বিপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেগ ও’নিল বলেন, ‘জ্বালানি তেলের চড়া দাম আর বেশি লাভের কারণে কোম্পানি গত প্রান্তিকে ভালো ব্যবসা করেছে।’










