নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় সার্চ ইঞ্জিন গুগল ও মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রামকে প্রায় ২ লাখ ২৬ হাজার ডলার (১৮ কোটি ৪০ লাখ রুবল) জরিমানা করেছেন রাশিয়ার একটি আদালত। সম্প্রতি মস্কোর তাগানস্কি জেলা আদালত প্রশাসনিক মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

রায়ে টেলিগ্রামকে তিনটি পৃথক আইন লঙ্ঘনের দায়ে ১ কোটি ৪৬ লাখ রুবল বা ১ লাখ ৭৯ হাজার ডলার জরিমানা করা হয়। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনে সদস্য সংগ্রহের কনটেন্ট এবং চরমপন্থী চিহ্নিত বই না সরানোর অপরাধে এ শাস্তি দেয়া হয়েছে।

অন্যদিকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অসম্মান করে প্রকাশিত তথ্য না সরানোয় গুগলকে জরিমানা করা হয়েছে ৩৮ লাখ রুবল বা ৪৭ হাজার ডলার। স্থানীয় আইন অমান্য করার অভিযোগে এর আগেও বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানকে একাধিকবার জরিমানা করেছেন রাশিয়ার আদালত। খবর আনাদোলু এজেন্সি