দিনাজপুরের হিলিতে মসলাপণ্য আদার দাম বেড়েছে কেজিতে ৪০-৬০ টাকা। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে এ মূল্যবৃদ্ধি হয়েছে। বিক্রেতারা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সরবরাহ আবার বাড়লে দাম কমে আসবে।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে বাজারের কোনো দোকানেই দেশী আদা ছিল না। সব দোকানেই শোভা পেয়েছে আমদানি করা চায়না জাতের আদা। আগে প্রতি কেজি আদা ১০০-১২০ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে তা বিক্রি হয় ১৪০-১৬০ টাকায়।
আদা বিক্রেতা শাকিল খান বলেন, ‘মৌসুম শেষ হয়ে যাওয়ায় বাজারে দেশী আদার সরবরাহ নেই। আমদানীকৃত চায়না জাতের আদা দিয়ে চাহিদা মেটানো হচ্ছে। পাশাপাশি ভারত থেকেও আদা আমদানি করা হয়েছিল। কিন্তু চায়না আদার মান ভালো হওয়ায় এ জাতের চাহিদা বেশি। সরবরাহ ভালো থাকায় দামও স্বাভাবিক ছিল।’
তিনি আরো বলেন, ‘শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে সাত-আটদিন ধরে পণ্য আমদানি বন্ধ ছিল। এতে দেশের বাজারে ভারতীয় আদার সরবরাহ একেবারে কমে এসেছে। ফলে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় পণ্যটির দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে চায়নায় আদার দাম কিছুটা বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারে। কিছুদিনের মধ্যে আদা সরবরাহ বাড়লে দাম কমে আসবে। একই সঙ্গে চীনেও মসলাপণ্যটির দাম কমলে এখানেও এর প্রভাব পড়বে।’










