যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকার চোরাচালানি মালপত্র জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি জানায়, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, মাসিলা, হিজলী ও আন্দুলিয়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান।

অভিযানে, ভারতীয় ৯২২টি শাড়ি, ৪৭৫টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, সাতটি থ্রি ও টু-পিস, ৫১৮টি কম্বল, ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপ, সাড়ে ছয় কেজি জিরা, ৯৭ প্যাকেট ফুসকা, ১৭ কেজি কিশমিশ, ১ হাজার ২৩৯টি বিভিন্ন চকোলেট, ৮ হাজার ৮৭১টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, ৪৩ প্যাকেট কীটনাশক ছাড়াও সনপাপড়ি, আমসত্ত্ব, চাটনি জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যসহ চোরাচালানি মালপত্রের মূল্য ১ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালপত্র জব্দ করতে সক্ষম হয় বিজিবি। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।