গণভোটের অনুমোদিত সংবিধান সংস্কার বিএনপি মানতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের নজির টেনে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানতে না চাইলেও পরে যেমন মানতে হয়েছে, একইভাবে সংস্কার মানতেও বাধ্য হবে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আলোচনা সভায় এ কথা বলেছেন শফিকুর রহমান।

বাহাত্তর থেকে পঁচাত্তরের ঘটনাপ্রবাহ তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবের অন্যতম কারণ ছিল সেনাবাহিনীকে অবজ্ঞা করা। সিপাহিদের বিপ্লবে জনতা সংহতি প্রকাশ করেছিল। বারবার জনতার বিপ্লবের সুফলভোগী বিএনপি সংস্কারকে অবজ্ঞা করে কর্তৃত্ববাদী ব্যবস্থা ফিরিয়ে আনছে। ক্ষমতায় এসে, এমন ২০টি অধ্যাদেশ বাতিল করেছে, যা থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারত না।’

জামায়াত আমির বলেছেন, ‘সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি নেই। ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি মানসিকতা। ভাইরাসের মতো। যে কেউ ক্ষমতায় গিয়ে এ মানসিকতায় আক্রান্ত হতে পারে।’

বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ করে শফিকুর রহমান বলেছেন, ‘সব জায়গায় দলীয় লোক বসিয়েছে সরকার। দুর্নীতি দমন কমিশনকেও বাদ রাখেনি। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানকে সরিয়ে দেয়া হয়েছে। আরো সদস্যকে চাপের মুখে বিদায় করা হয়েছে। দলীয় পরিচয়ে নিয়োগ দিতে এ আয়োজন।’

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সভায় দলের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বিএনপির উদ্দেশে বলেন, ‘৭ নভেম্বরের শিক্ষা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন।’