ক্লিফটন গ্রুপকে ২-১ গোলে হারিয়ে ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ শীর্ষক টানা তৃতীয় শিরোপা জিতেছে স্বাগতিক এশিয়ান গ্রুপ। চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেল-সংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার রাতে এ জয় পায় দলটি। ফাইনালে এশিয়ান গ্রুপের হয়ে জোড়া গোল করেন তুষার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এশিয়ান গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএর পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী ও সাইফ উল্লাহ মনসুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে খেলাধুলার এমন আয়োজন পেশাগত সম্পর্কের বাইরেও পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ দেহ ও মনের বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।’ চট্টগ্রামে এশিয়ান গ্রুপের গড়ে তোলা ক্রীড়া সংস্কৃতি অনুকরণীয় বলেও প্রশংসা করেন তিনি।

টুর্নামেন্টের পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ‘করপোরেট জীবনের ব্যস্ততার মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই প্রতি বছর এ আয়োজন করা হয়। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের সুযোগ তৈরি হচ্ছে।’

অনুষ্ঠানে এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাকিফ আহমেদ সালাম জানান, দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একত্র করে অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করেছে এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এবারের আসরে দেশের ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে অংশ নেয়। ৩০ অক্টোবর বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এ টুর্নামেন্ট।