দেশের চামড়া শিল্পের উদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার বিশেষ প্রাক-অর্থায়ন স্কিমে অংশ নিচ্ছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমান ও নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ স্কিমের আওতায় চামড়া প্রক্রিয়াকরণ, ট্যানারি পরিচালনা, চামড়াজাত পণ্য ও জুতা উৎপাদন এবং সহযোগী শিল্পের উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন পাবেন। নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের সম্প্রসারণ ও আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতি সংযোজন এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে এ ঋণের অর্থ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ট্রাস্ট ব্যাংক।










