হলিউডের পর্দায় মিসরের কিংবদন্তি রানী ক্লিওপেট্রা হয়ে ওঠার কথা ছিল অ্যাঞ্জেলিনা জোলির। সে ঐতিহাসিক চরিত্রকে বড় পরিসরে পর্দায় তুলে ধরার দায়িত্ব নেয়ার কথা ছিল অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসেজির। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত নির্মিত হয়নি সিনেমাটি। প্রায় এক যুগ পর প্রকল্পটি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এর পেছনের ঘটনা সামনে এনেছেন স্করসেজি। মজার ছলে এজন্য অভিনেতা ও নির্মাতা শেথ রোজেনকে দায়ী করেছেন তিনি।

সম্প্রতি ট্রাইবেকার ‘ক্রাফটি’ সাক্ষাৎকার সিরিজে মেয়ে ফ্রানচেসকা স্করসেজির সঙ্গে আলাপচারিতায় উঠে আসে অপূর্ণ ‘ক্লিওপেট্রা’ প্রকল্পের কথা। ক্লিওপেট্রাকে নিয়ে বড় পরিসরে ঐতিহাসিক সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন বলে জানান তিনি। কিন্তু সনি পিকচার্সে সাইবার হামলার পর সব হিসাব বদলে যায়।

ঘটনাটি ২০১৪ সালের। সে সময় শেথ রোজেন ও জেমস ফ্রাঙ্কো অভিনীত কমেডি সিনেমা ‘দি ইন্টারভিউ’ ঘিরে উত্তর কোরিয়ার সঙ্গে বিতর্ক তৈরি হয়। সিনেমাটিতে দুই সাংবাদিকের উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যার কাল্পনিক পরিকল্পনা দেখানো হয়েছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং। এরপর সনি পিকচার্সে ভয়াবহ সাইবার হামলা হয়। ফাঁস হয়ে যায় প্রতিষ্ঠানের হাজার হাজার গোপন ই-মেইল, অভ্যন্তরীণ নথি ও কর্মকর্তাদের ব্যক্তিগত কথোপকথন। হামলার পেছনে উত্তর কোরিয়ার সরকারের সংশ্লিষ্টতার কথা জানায় এফবিআই।

সে ঘটনার প্রসঙ্গ টেনে স্করসেজি বলেন, ‘একসময় আমরা ক্লিওপেট্রা নির্মাণ করতে যাচ্ছিলাম। এরপর তারা কিম জং-উনকে নিয়ে মজা করল, তাতেই তিনি ক্ষুব্ধ হয়ে কলাম্বিয়ার সবাইকে বিপদে ফেললেন। শেথ রোজেন, তাই না? এরপর তার ক্ষোভের জেরেই ক্লিওপেট্রা ভেস্তে গেল।’ অবশ্য এ রসিকতার বাইরে প্রকল্পটি থেমে যাওয়ার পেছনে একাধিক জটিলতা ছিল কিনা, সে বিষয়ে বিস্তারিত জানাননি নির্মাতা।

এ আক্ষেপের পরও স্করসেজি ও রোজেনের পথ আলাদা হয়ে যায়নি। পরবর্তী সময়ে রোজেনের অ্যাপল টিভি সিরিজ ‘দ্য স্টুডিও’র প্রথম পর্বে নিজের চরিত্রেই হাজির হয়েছিলেন স্করসেজি। তবে জোলিকে নিয়ে ক্লিওপেট্রা নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা আর বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত ইতিহাসের এ আলোচিত রানী পর্দায় আর তাদের হাত ধরে ফিরে আসেননি।

সূত্র: ইয়ন