বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিবসটি ঘিরে সরাসরি সম্প্রচার, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ও বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি। দিনটির ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, রাজনৈতিক তাৎপর্য ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।

অনুষ্ঠানমালার শুরুতে সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। দিবসটির আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে রাজধানীর একটি উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওপেন এয়ার কনসার্ট সরাসরি সম্প্রচার করা হবে। এতে অংশ নেয়া শিল্পীদের পরিবেশনা ঘরে বসেই দেখার সুযোগ পাবেন দর্শক।

এদিকে দিবসটির তাৎপর্য কবিতার মাধ্যমে তুলে ধরতে বিকাল সাড়ে ৪টায় প্রচারিত হবে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। ড. আনারুল হকের উপস্থাপনায় এ আয়োজনে আটজন কবির সঙ্গে কথোপকথনের পাশাপাশি থাকছে বিপ্লব ও সংহতি দিবস নিয়ে রচিত আটটি কবিতা পাঠ। কবিদের নিজস্ব ভাবনা ও সৃষ্টির মধ্য দিয়ে দিনটির বিভিন্ন দিক তুলে ধরা হবে অনুষ্ঠানে।

রাতে থাকছে ইতিহাসনির্ভর দুটি বিশেষ আয়োজন। রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে দিবসটি উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘বিপ্লবের দিনগুলো’। এতে দিবসটির ঘটনাপ্রবাহ ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হবে। এরপর রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান।