ঝিনাইদহ পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার ভাষাসৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়া পৌরসভার সংস্থাপন ও অর্থবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা বিএম আব্দুল মজিদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, ‘বাজেটে নাগরিকসেবা বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পৌর নাগরিকের ওপর এই বছর অতিরিক্ত কোনো করারোপ করা হবে না। নিয়মিত অন্তর্বর্তীকালীন কর ধার্য, বকেয়া পৌরকর আদায় ও করবহির্ভূত রাজস্ব দাবির ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।










