সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ শুক্রবার রাতে যৌথভাবে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসান গতকাল দুপুরে ওই পাঁচজনকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি অমর কৃষ্ণ দাস, অপর সহ-সভাপতি শামিম খান ওরফে ভিপি শামিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজীপুর উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রাশেদ কবির চান্দু।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মী ও পুলিশসহ ২০ জন আহত হন। ওই ঘটনায় বিএনপিকেই দায়ী করে তাদের ১১৫ জনের নামে মামলা করে পুলিশ।