দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গতকাল ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অন্যদিকে ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রৌপ্যের দাম হয়েছিল ৫ হাজার ৬৫৭ টাকা।

দাম বৃদ্ধি প্রসঙ্গে বাজুস বলছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২ হাজার ২১৬ টাকা বেড়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। অন্যদিকে গত বছর মোট ৯৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

অন্যদিকে সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৩৮ দফা রৌপ্যের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে দাম বেড়েছে ২১ দফা ও কমেছে ১৭ দফা। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল ৩ বার।