হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যানচালক কাইয়ূম মোল্যা (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম মোল্যা উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর ভাকুম এলাকার আব্দুল মোল্যার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জগামী একটি দ্রুতগামী ট্রাক সানাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পেছনে থাকা অপর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক কাইয়ুম মোল্যার মৃত্যু হয়। আহত হন অটোরিকশাচালক, যাত্রীসহ আটজন। আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।