কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, কোম্পানীগঞ্জ শাখার সভাপতি হাজী ইদ্রিসকে গ্রেফতারের প্রতিবাদে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লাহসহ আন্তঃজেলার সব রুটের বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ করে ধর্মঘট পালন করছে কুমিল্লার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখা। পরে দুপুরে শ্রমিকরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এদিকে হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। সকালে রাস্তায় বের হয়ে গন্তব্যের বাস না পেয়ে অটোরিকশা-ভ্যানে রওনা দিতে হয়েছে তাদের।
এর আগে গত শনিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইদ্রিস মিয়াকে গ্রেফতার করে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। গ্রেফতারের বিষয়টি পরিবহন শ্রমিকদের মাঝে জানাজানি হলে শ্রমিকরা কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লার বাস চলাচল বন্ধ করে দেন। পরে পরিবহন শ্রমিক ও নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর-নবীনগর সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কে সমাবেশ করে।
কুমিল্লার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ভিপি সেলিম বলেন, কোম্পানীগঞ্জ বাজারের যানজট নিরসনে বাস-মালিক সমিতি বিভিন্ন পয়েন্টে কিছু শ্রমিক নিয়োগ দেয়। যার খরচ বাস মালিক সমিতি বহন করে থাকে। দায়িত্বে থাকা লাইনম্যান আবুল কালামকে চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশে দেয়া হয়। আর সে ঘটনাকে কেন্দ্র করে মালিক শ্রমিকদের ওপর মিথ্যা মামলা দায়ের করা হয়। সেই মিথ্যা মামলায় গ্রেফতার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রমিকরা সব প্রকার বাস বন্ধ রেখে ধর্মঘট করছে।
তিনি বলেন, যদি অনতিবিলম্বে পুলিশি হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃতদের মুক্তি দেয়া না হয়, আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।










