কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৯ জন ভারতীয় কর্মকর্তা। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে তারা কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল ত্যাগ করেন।
প্ল্যান্ট সূত্রে জানা গেছে, শনিবার সকালে খাবারের টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর নিতে শুরু করে। এক পর্যায়ে জানা যায়, তারা কাউকে না জানিয়েই প্ল্যান্ট থেকে বের হয়ে গেছেন। পরে দুপুরের দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
প্রকল্প পরিচালক রামানাথ পুজারী জানিয়েছেন, নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে তারা বাংলাদেশ ছেড়েছেন।
বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এমন নিরাপত্তা থাকার পরও এভাবে চলে যাওয়াকে রহস্যজনক মনে করছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, চলে যাওয়ার আগে ওই কর্মকর্তারা কখনোই নিরাপত্তার বিষয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা কর্তৃপক্ষকে জানাননি।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, সকালে তাদের ডাইনিংয়ে না পেয়ে খোঁজ নিয়ে বিষয়টি জানা গেছে। তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কী কারণে তারা এভাবে চলে গেলেন তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
চলে যাওয়া ওই ৯ কর্মকর্তা হলেন ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) প্রতিনিধি হিসেবে কর্মরত জেনারেল ম্যানেজার সিউজ প্রতিম ভর্মন, বিশ্বজিৎ মন্ডল ও এন সুরায়া প্রকাশ রায়। এছাড়া আরো রয়েছেন এজিএম কেসাবা পলাকী ও পাপ্পু লাল মিনা এবং ডিজিএম সুরাইয়া কান্ত মন্দেকার, সুরেন্দ্র লম্বা ও অনির্বাণ সাহা এবং প্রধান অর্থ কর্মকর্তা ইমানুয়েল পনরাজ দেবরাজ।
কর্মকর্তাদের এভাবে চলে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।










