ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলী হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডিতরা হলেন ওই গ্রামের এলেম মণ্ডলের ছেলে আসাদুল হক, আলী মণ্ডলের ছেলে খাকচার আলী মণ্ডল ও তার ছেলে আনিচুর রহমান মণ্ডল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলীকে সেলফোনে ডেকে নিয়ে যান আসাদুল হক। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামিরা তাকে মাথায় আঘাত করে, সাইকেলের টিউব দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১ মার্চ পুলিশ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গতকাল তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলা চলাকালে আসামি তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে।










