চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে সময় ৪০ টন সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ৮০০ বস্তা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। সোমবার দিবাগত রাতে পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ টিম ১২ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে পাচারকারী চক্রের সদস্যরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যান। তাদের কাউকে আটক করা যায়নি।

উদ্ধার করা সিমেন্ট ও জব্দ কার্গো বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত ও নৌপথে যেকোনো চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান চালবে।