পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের ৫৩ হাজার চারা ধ্বংস করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন নার্সারিতে এসব চারা ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন।

এর আগে নার্সারি মালিক ও স্থানীয় বাসিন্দাদের পরিবেশে ইউক্যালিপটাস ও আকাশমণির ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। এসব গাছ মাটির পানির স্তর দ্রুত কমিয়ে ফেলে এবং জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলে বলে জানানো হয়েছে।

ধ্বংস করা চারা বিভিন্ন নার্সারিতে উৎপাদিত হয়েছিল। এর মধ্যে রয়েছে শহীদ প্রাইভেট নার্সারি, সানোয়ার নার্সারি, মায়ের দোয়া নার্সারি ও ব্যক্তিমালিকানা নার্সারি, যার মালিকরা হলেন শাহজাহান মিয়া, কামাল হোসেন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া ও আব্দুর রহিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর নজরদারি চালানো হবে। কেউ ভবিষ্যতে এসব চারা উৎপাদন বা বাজারজাত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, প্রাথমিক পর্যায়ে ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলাজুড়ে সব নার্সারি ও ব্যক্তিগতভাবে উৎপাদিত ইউক্যালিপটাস ও আকাশমণির চারা ধ্বংস করা হবে।

উল্লেখ্য, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চলতি বছরের ১৫ মে এক প্রজ্ঞাপন জারি করে ইউক্যালিপটাস ও আকাশমণির চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ ঘোষণা করে। গাছ দুটি দীর্ঘদিন ধরেই পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।